নোয়াখালীতে গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী গ্রেপ্তার আবু নাছের মঞ্জু, নোয়াখালী প্রকাশ : ১৫ মার্চ ২০২৫, ০৩:৩৪ পিএম https://www.itvbd.com/207290 প্রতীকী ছবি প্রতীকী ছবি নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় তাসলিমা বেগম (২৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। গ্রেপ্তার মো. দিদার উদ্দিন (৩৫) উপজেলার চরকিং ইউনিয়নের দক্ষিণ শুল্লকিয়া গ্রামের বাসিন্দা। গত ৪ ফেব্রুয়ারি তাসলিমার মৃত্যুর পর থেকে পলাতক ছিলেন দিদার। আজ শনিবার ভোরে চট্টগ্রামের পতেঙ্গা থানার কাটগড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে র‍্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ১০ বছর আগে পারিবারিকভাবে তাসলিমা বেগম ও দিদার উদ্দিনের বিয়ে হয়। এর পর থেকে যৌতুকের দাবিতে তাসলিমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন দিদার। ইতোমধ্যে বিদেশে যাওয়ার কথা বলে কয়েক ধাপে শ্বশুর বাড়ি থেকে বড় অঙ্কের টাকা নিয়েছেন দিদার। গত ৪ ফেব্রুয়ারি শ্বশুর বাড়ি থেকে আরও ৫ লাখ টাকা এনে দিতে স্ত্রীকে চাপ দেন। এতে রাজি না হওয়ায় দিদার ও তার পরিবারের সদস্যরা তাসলিমাকে লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। এ সময় মৃত্যু হয় তাসলিমার। মিঠুন কুমার কুণ্ডু আরও জানান, তাসলিমার পরিবারের পক্ষ থেকে থানায় হত্যা মামলা দায়ের করা হয়। এরপর থেকে পলাতক ছিলেন দিদার। আজ গ্রেপ্তারের পর ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন তিনি। নোয়াখালী এনে তাকে হাতিয়া থানায় হস্তান্তরের প্রস্তুতি চলছে। হাতিয়া থানার পুলিশ আগামীকাল তাকে ম্যাজিষ্ট্রেট আদালতে হাজির করবে